Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা শত শত যাত্রী ও পণ্যবাহী যান

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে নলচিরা ও চেয়ারম্যান ঘাটে শত শত যাত্রী এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। বিশেষ করে কাঁচামাল ও পচনশীল পণ্যবাহী ট্রাক আটকে থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও পণ্য সরবরাহকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় দুর্ঘটনা এড়াতে গত দুই দিন ধরে সি-ট্রাক, ট্রলার ও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে চেয়ারম্যান ঘাটে হাতিয়ামুখী শত শত ট্রাক ও পিকআপ আটকা পড়েছে। এসব যানবাহনের অনেকগুলোতে ফলমূল, শাকসবজি, মাছসহ দ্রুত পচনশীল পণ্য রয়েছে।

ঘাটে আটকে থাকা কাঁচামাল সরবরাহকারী রহিম উদ্দিন বলেন, ‘কাঁচামাল নিয়ে গত দুই দিন ধরে চেয়ারম্যান ঘাটে বসে আছি। গরমে পিকআপে থাকা সবজি ও ফলমূল নষ্ট হতে শুরু করেছে। সময়মতো হাতিয়ায় পৌঁছাতে না পারলে লাখ টাকার লোকসান গুনতে হবে।’

ট্রাকচালক আলতাফ হোসেন বলেন, ‘ঘাটে থাকার ভালো জায়গা নেই, শৌচাগারের ব্যবস্থাও পর্যাপ্ত নয়। বৃষ্টি ও বাতাসের মধ্যে তেলের খরচের পাশাপাশি খাবারের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছি।’

চেয়ারম্যান ঘাট এলাকার ইজারাদার ও ফেরি ডাক কর্মকর্তা জানান, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মেঘনা ও এর সংলগ্ন নদীগুলো উত্তাল থাকায় নিরাপত্তার স্বার্থে ফেরি ও সি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নির্দেশনা অনুযায়ী দ্রুত নৌযান চলাচল শুরু করা হবে।

নোয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র এলাকা উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকবে। একই সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

প্রতিনিধি/এসএস