উপজেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মিয়ানমারে পাচারের সময় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটক ব্যক্তিরা হলেন হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), একই এলাকার আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে হাতিয়ার বাংলাবাজার খেয়াঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে বিএডিসির সিলযুক্ত ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
কোস্টগার্ড আরও জানায়, সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোটটিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় হাতিয়া থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস