জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম
কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ কাউছার (৩৫) নামের এক টমটমচালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।
কাউছার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। স্থানীয় ব্যক্তিরা জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে টমটম নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হন কাউছার। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করে কাউছারের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কাউছারের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, অপহৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি। অপহরণ বন্ধে অপহরণকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় লোকজনকেও সোচ্চার হতে হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাউছারকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি সত্যিই অপহরণের শিকার হয়েছেন কি না, নাকি অন্য কোনো কারণে তাকে আটকে রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার অবস্থান শনাক্ত করে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।
প্রতিনিধি/এসএস