জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
অন্যদের সঙ্গে ফুটবল খেলার মাঠে নেমেছিল নবম শ্রেণির শিক্ষার্থী নৌশিন আক্তারও। খেলা শুরুর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’র বাছাই পর্বের খেলা চলছিল।
মৃত শিক্ষার্থীর পরিবার বলছে, নৌশিন ছোটবেলা থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। চিকিৎসক তাকে খেলাধুলা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন।
পরিবারের দাবি, তার অসুস্থতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা জানতেন।
নৌশিনের চাচা শামীম খান অভিযোগ করে বলেন, আমার ভাতিজির অসুস্থতার কথা প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে জানানো ছিল। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে তাকে খেলতে দেওয়া হয়েছে। এ ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি। মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পার হলেও স্কুল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায়নি।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, তিনি উপজেলা সদরে একটি মিটিংয়ে ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন।
তার ভাষ্য, নৌশিনের হার্টে ছিদ্র ছিল এবং অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক বলেন, আজ মেয়েদের বাছাই খেলা ছিল। নৌশিনকে খেলতে একজন শিক্ষক বাধাও দিয়েছিলেন। কিন্তু সে খেলতে নেমে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
প্রতিনিধি/এলএ