Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে ভাই-বোন পেল জিপিএ ৫, হতে চায় ডাক্তার-পুলিশ

জেলা প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

নাটোরের সিংড়ায় এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ভাই-বোন। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই ফলাফল অর্জন করে তারা। বোন ইসরাত জাহান সুরাইয়া হতে চায় চিকিৎসক আর ভাই ইব্রাহিম খলিল উল্লাহ্ পুলিশ হতে চায়।

ইব্রাহিম ও সুরাইয়া উপজেলার কৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও গৃহিনী মোছা. খাদিজা খাতুন দম্পতির সন্তান। ভাই-বোনের এমন সাফল্যে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খুশি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় সুরাইয়া ১১৬৫ নম্বর পেয়ে উপজেলার মেধা তালিকায় ৪র্থ ও ইব্রাহিম ১১৬৪ নম্বর পেয়ে ৫ম স্থান অর্জন করেছে। তারা একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। সুরাইয়ার চেয়ে ইব্রাহিম বয়সে এক বছরের বড়। এবার একসঙ্গে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে আনন্দিত দুইজন। এই সাফল্যের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ।  

বাবা সুলতান আহমেদ জানান, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে ভাল ফলাফল অর্জন করেছেন। দুজনই জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত। 

প্রতিনিধি/ এজে