Dhaka Mail Logo

সারাদেশ

শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৩, রংপুর ও র‌্যাব-৩-এর একটি যৌথ দল রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাব-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রহিদুল ইসলাম (৪৫) আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আদিতমারী উপজেলার গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে জুয়া বন্ধে সচেতনতা তৈরি এবং জুয়া থেকে বিরত থাকতে তাদের নিষেধ করতেন শিক্ষক আরিফুল ইসলাম। জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানানো হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।

এর জেরে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত ২ আগস্ট আহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে র‌্যাব জানায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে ঢাকার নয়াটোলা থেকে রহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার রহিদুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে