জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস উপজেলার কোড়গ্রামের সুমন দাসের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় সূর্য দাস নামে ওই শিশুটি অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি অবগত হয়েছি তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে