জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ০৭:৪১ এএম
খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায়২৪ গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক প্রেমরাছো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।
আটক নারী জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে এগুলো আনা হয়। প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয় বলেও তিনি জানান।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া গেছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত গুঁইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়। মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রির মতো কর্মকাণ্ড জীববৈচিত্র্যের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
খাগড়াছড়ি জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক প্রেমরাছো মারমাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি