জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) উপজেলার গুণবতী, মুন্সিরহাট ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথকভাবে এসব দুর্ঘটনা ঘটে।
এসব ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্ব-দক্ষিণ পাড়ায় সাপের কামড়ে ওই গ্রামের মো. জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-জাবির অভি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের শামছুল হক ও বিদ্যুৎ স্পৃষ্টে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদরাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার। পৃথক এ তিনটি মৃত্যুর তথ্যগুলো
বিকেলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে গত মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল-জাবির প্রকাশ অভি। ঘণ্টাখানেক পরে অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, বুধবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষক গোলাম সারোয়ার বুলবুলের স্ত্রী বিলকিছ আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পৌর এলাকার শ্রীপুর বরকন্দাজ বাড়ির শামছুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ‘বিলকিছ আক্তার ও শামছুল হককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আর সাপের কামড়ে আহত আব্দুল্লাহ আল-জাবির অভিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
প্রতিনিধি/এজে