Dhaka Mail Logo

সারাদেশ

শরীয়তপুরে যুবলীগের শোক র‍্যালি, জানে না পুলিশ

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

বুধবার সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকিরের নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে শোক র‍্যালি হয়েছে। 

ক্যাপশনে র‍্যালির তারিখ ১২ আগস্ট ২০২৬ উল্লেখ করা হলেও এটি শরীয়তপুরের কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সড়কে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ডাক দিয়েছে অপু ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন, কোথায় ধারণ করা হয়েছে এবং এতে অংশ নেওয়ারা কারা— এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ