Dhaka Mail Logo

সারাদেশ

পুঠিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

নিহত আব্দুল করিম ভড়ুয়াপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় রফিক, করিম ও রাব্বীর সঙ্গে জিল্লুর ও শাহাবুরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে করিমসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস