জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার স্বার্থে দ্রুত নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার বিকেলে জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্যসচিব সাইদুল ইসলাম রনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিনিধি/এলএ