উপজেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে এসব ট্রলারে থাকা ৪৮ জন জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলোর তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের এবং অপর দুটি ভোলার চরফ্যাশন এলাকার।
আমতলী ঘাটের তিনটি ট্রলারের মালিক লুৎফুল্লাহিল নিশান, নাসির মাঝি ও জাহেদ মাঝি।

ট্রলারডুবির বিষয়ে মালিক লুৎফুল্লাহিল নিশান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়ে। পরে আশপাশে থাকা অন্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারগুলোর মাঝিমাল্লাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
তিনি বলেন, নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনায় আমতলী ঘাটের তিনটি এবং চরফ্যাশনের দুটি ট্রলার ডুবে যায়।
নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার কবলে পড়া ৪৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে হাতিয়ার তিনটি এবং চরফ্যাশনের দুটি। চরফ্যাশনের দুটি ট্রলারের একটি উদ্ধার করা হয়েছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস