জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৫ মাস বয়সী শিশু এবং অন্যজন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬ মাস বয়সী শিশু। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৯৮, হবিগঞ্জে ১২৩, মৌলভীবাজারে ১২৭ এবং সুনামগঞ্জে ৩৫৩ জন রয়েছেন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের দুইজনের রুবেলা রোগও রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হন।
সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জনসহ অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হামে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত— দুই হিসাব মিলিয়ে সিলেটে মোট ৪৭, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এলএ