জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে প্রকাশিত ‘প্রকৃতি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে খাগড়াছড়িতে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।
ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘আমরা মানুষ প্রকৃতির কেমন যেন প্রতিপক্ষ হয়ে গেছি। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এর প্রভাব রয়েছে। এখন যে গরম পড়ছে, এতটা গরম হওয়ার কথা নয়। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব।’
আয়োজকেরা জানান, ‘প্রকৃতি’ প্রকাশনায় তিন পার্বত্য জেলার বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রকাশনাটি স্থানীয় প্রকৃতিপ্রেমী ও গবেষকদের মধ্যে সাড়া ফেলেছে।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সংগঠক ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কারও প্রতিপক্ষ হওয়া নয়। সমাজে সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য। কোনো রোগ হওয়ার পর চিকিৎসা করার পরিবর্তে রোগ হওয়ার আগেই প্রতিরোধ করতে চাই। সময়মতো সচেতনতা তৈরি করে মানুষকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে চাই।’

সবুজ চাকমার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ, পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ পর্যবেক্ষক মাহফুজ রাসেল, মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ও পাহাড়ের সংস্কৃতি, ইতিহাস ও সাহিত্য গবেষক প্রভাংশু ত্রিপুরা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসাইন, শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, সংগঠনের সদস্য সাথোয়াই মারমা, সমাজকর্মী ধীমান খীসা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা (রিংকু), সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস