জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্যতালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, কোর্ট স্টেশন এলাকার মেসার্স ঢাকা হোটেলে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চাঁদপুর লঞ্চঘাটে ‘আব এ জম জম-৭’ লঞ্চের ক্যান্টিনে মূল্যতালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ক্যান্টিনের ব্যবস্থাপক মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরোপ করা মোট ১৫ হাজার টাকা জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহযোগিতা করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারের অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস