Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় সকাল থেকে গ্যাস নেই, কারণ জানেন না কর্মকর্তা

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বুধবার (১২ আগস্ট) সকাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। সকাল ১০টার পর থেকে গ্যাসের চাপ একেবারেই না থাকায় রান্না করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণ জানেন না সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

নগরীর কাটাবিল, হযরতপাড়া, নুরপুর, হাউজিং এস্টেট, বারপাড়া, রাজগঞ্জ, চকবাজার, ছাতিপট্টি, সদর দক্ষিণ উপজেলা, মনোহরপুর ও সুজানগরসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ না থাকার কথা জানিয়েছেন বাসিন্দারা।

কাটাবিল এলাকার বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, সকালে গ্যাসের চুলায় কিছুটা আগুন জ্বললেও সকাল ১০টার পর থেকে একেবারেই আগুন জ্বলছে না। এতে রান্না করতে পারছেন না তারা। সাধারণত গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হলে আগের দিন মাইকিং বা বিভিন্ন মাধ্যমে জানানো হয়। এবার কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গ্যাস না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হযরতপাড়া এলাকার বাসিন্দা কানিজ ফাতেমা জাকিয়া বলেন, সকাল থেকে তাদের এলাকায় গ্যাস নেই। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পূর্বঘোষণাও দেওয়া হয়নি। গ্যাস কখন আসবে, সেটিও তারা জানেন না। ফলে রান্না করা সম্ভব হয়নি।

সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণ জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক মো. রাজীব ইসলাম বলেন, ‘আজ কুমিল্লায় গ্যাস নেই কেন, তা আমি আসলে জানি না। আমি আপনার কাছ থেকেই শুনলাম যে গ্যাস নেই। আমার নিজের বাড়িতেও সিলিন্ডার গ্যাস। আপনি ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করে দেখতে পারেন।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিভাগের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস