Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদা দাবির অডিও ভাইরালের পর বহিষ্কৃত সেই ছাত্রদল নেতাকে পুনর্বহাল

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

চাঁদা দাবির অডিও ভাইরালের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ঘটনার সূত্রপাত গত মার্চে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে নোমানুল হক নোমানের সঙ্গে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

003e1b95-9a4f-4ff0-a25b-935ff2057f2d

প্রায় চার মিনিটের ওই ফোনালাপে ইলাশপুর সড়ক দিয়ে সাত দিন মাটি পরিবহনের বিনিময়ে ১৬ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে নোমানের বিরুদ্ধে। টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়ার ইঙ্গিতও ছিল ওই ফোনালাপে।

ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোমানকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

5638d5c0-8049-4269-95ee-8723e30775d8

বহিষ্কারের প্রায় সাড়ে চার মাস পর কেন্দ্রীয় সংসদ নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করল।

জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাওয়া গেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস