জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা ও কৃষক দল নেতা মজিবুর রহমান মুজিবের নিঃশর্ত মুক্তির দাবিতে দেওয়া সড়ক অবরোধ সাত ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ মো. হাফিজুর রহমান।
সড়ক অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিরসনে মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বৈঠকে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে দলীয় নেতৃবৃন্দ মুজিবুর রহমান মুজিবের নিঃশর্ত মুক্তি, দিনাজপুর জেলা থেকে পুলিশ সদস্য নওবুরকে অপসারণ এবং দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) অপসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মো. হাফিজুর রহমান বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।’
প্রতিনিধি/ এজে