জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে তার অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০১৭-১৮ ও ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৬ সাল পর্যন্ত নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত এক দশকে অন্তত ৩০ কোটি টাকার অনিয়ম ও লুটপাটের সঙ্গে সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান জড়িত বলে দাবি করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিটিসিআরপি প্রকল্পের আওতায় চারটি সড়ক নির্মাণে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার দরপত্র গত মার্চে আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ইউনুস ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান নির্বাচিত হলেও ছয় মাসেও কার্যাদেশ দেওয়া হয়নি। মূল্যায়ন ও পুনর্মূল্যায়নের নামে সময়ক্ষেপণ করে কমিশন আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। এতে দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করা হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, এসব অনিয়মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে সম্প্রতি বরিশাল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহকারী প্রকৌশলী। জিডি প্রত্যাহার না করলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
তবে বিএনপির নেতাদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান। তিনি বলেন, ‘আমাকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করার পর কয়েকজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। সংবাদ সম্মেলনে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’
প্রতিনিধি/এসএস