Dhaka Mail Logo

সারাদেশ

কুষ্টিয়ায় কোরআন মাহফিলে হামলা ও নারীদের লাঞ্ছনার অভিযোগ

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে একটি তালিমুল কোরআন মাহফিলে হামলা, নারীদের লাঞ্ছিত ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহলবাড়িয়া ইউনিয়ন শাখার মহিলা বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে বহলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির ইউনিয়ন শাখার সভানেত্রী বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ ও দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) বিকেলে বহলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁড়ারা নতুনপাড়া গ্রামের মো. সোহেলের বাড়িতে তালিমুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিএসএফের হাতে কৃষক, বিজিবির হাতে দুই ভারতীয়, পতাকা বৈঠকে হস্তান্তর

বক্তব্যে অভিযোগ করা হয়, মাহফিলের শেষ দিকে স্থানীয় বিএনপি নেতা রাজ্জাক মাস্টারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাড়ির প্রাচীর টপকে সেখানে প্রবেশ করেন। তারা মাহফিলে অংশ নেওয়া নারীদের গালিগালাজ, চুল ধরে টানাটানি এবং পোশাক ধরে টানাহেঁচড়া করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনায় নারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্জাক মাস্টার ছাড়াও এলেম, ফারুক, রুবেলসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত। তাদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠান ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস