জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স সাত মাস। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৪ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন, সিলেটে ২৮৭ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং হবিগঞ্জে ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৯৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সুনামগঞ্জে ৫২ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। এ হিসাবে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু ১২২ জন। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুনামগঞ্জ জেলায় হাম সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস