Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী নির্যাতন করেন। পরে তিনি মারা যান।

খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্ত রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস