জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে বিএসএফ আটক করার পর দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে চারজনকেই নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২৪/৩-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্তসংলগ্ন জমিতে কাজ করতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
এরপর সকাল সাড়ে আটটার দিকে ইছাখালী বিওপির টহল দল ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সীমান্ত পিলার ১২৩/৫-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালী এলাকায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার এলাকার শচীন দাস (৬৫) ও নরতন বিশ্বাস (৩৫)।
ঘটনার পর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ১২৪/৩-এস এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী সদর দফতরের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবু হানিফ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর কোম্পানি কমান্ডার ইনস্পেক্টর রাজিব।
বৈঠক শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিকেল চারটার দিকে উভয় পক্ষ আটক ব্যক্তিদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করে। এ সময় সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
প্রতিনিধি/এসএস