জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
ফেনীর সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস