Dhaka Mail Logo

সারাদেশ

আদালত প্রাঙ্গণে কৃষকদল নেতাকে থাপ্পড়, স্বীকার করলেন আইনজীবী, পরে আপস

ঢাকা মেইল ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

লালমনিরহাট জেলা আদালত প্রাঙ্গণে পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুর রশিদ প্রধানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাকির হোসেন অভিযোগ নিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হুমায়ূন রেজা স্বপনের কাছে যান। পরে দুপুরে পিপির কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাকির হোসেন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রশিদ প্রধান লালমনিরহাট জজ আদালতের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য।

জাকির হোসেনের অভিযোগ, তার ভাতিজির করা নারী ও শিশু নির্যাতন মামলাটি প্রায় সাত-আট বছর ধরে আদালতে চলছিল। দীর্ঘদিন মামলা চলার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর আদালতে আপসনামা দাখিল করে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। মামলাটি আইনজীবী আব্দুর রশিদ প্রধান পরিচালনা করছিলেন।

জাকির বলেন, আপসনামা-সংক্রান্ত পিটিশন দাখিলের জন্য আইনজীবী তার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ওই টাকা দিতে পারবেন না বলে জানান। পরে তিন হাজার টাকা আইনজীবী রশিদের হাতে দিলে তিনি তা পকেটে রাখেন।

জাকিরের ভাষ্য, পরে পিটিশন দাখিলের জন্য আইনজীবীকে তাগাদা দিলে তিনি ১৫ হাজার টাকার কমে কাজ করবেন না বলে জানান এবং ওই তিন হাজার টাকা নিয়ে আদালতের দ্বিতীয় তলায় চলে যান। পরে আদালতের কার্যক্রম শেষে আরও দুই হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন

দুই মাসের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

জাকির আরও বলেন, এ সময় আইনজীবী রশিদ তার নিচতলার চেম্বারে বসে মামলার বাদীর কাছে জাকিরের পরিচয় জানতে চান। বাদী তাকে চাচা পরিচয় দেওয়ার পর আইনজীবী তার মুহুরিকে জাকিরকে মারধরের নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। এরপর আইনজীবী রশিদ নিজেই সবার সামনে তাকে সজোরে থাপ্পড় মারেন বলে দাবি করেন জাকির।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার আব্দুল আউয়াল বারেক বলেন, তার বোন লিপির মামলাটি উভয় পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। আদালতের মাধ্যমে আপসনামা দেওয়ার জন্য তারা আইনজীবী আব্দুর রশিদ প্রধানের কাছে যান। ১৫ হাজার টাকা দাবি করায় প্রথমে তিন হাজার টাকা দেওয়া হয় এবং পরে আরও দুই হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। এরপর জাকিরকে ডেকে নিয়ে সবার সামনে চড়-থাপ্পড় মারা হয়। তিনি ঘটনার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে আইনজীবী আব্দুর রশিদ প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাগ করে মারছি। বারবার টাকা ফেরত চাইতেছিল। দীর্ঘদিন এই মামলা চালিয়েছি, আমার জন্য মামলা টিকে আছে। আজ মীমাংসা হয়েছে, এজন্য আমাকে টাকা-পয়সা দেবে না!’

ঘটনার পর জাকির হোসেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হুমায়ূন রেজা স্বপনের কাছে অভিযোগ করেন। পরে পিপির কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনা হয়। সেখানে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে পিপি অ্যাডভোকেট হুমায়ূন রেজা স্বপন বলেন, ‘যেভাবেই হোক, এমন ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়।’ পরে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট আইনজীবীকে সতর্ক করে বিষয়টি আপস-মীমাংসা করে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস