জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী নিজের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়াপ্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। তবে পরিবারের এ দাবির সত্যতা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে তাকে মানসিকভাবে অসুস্থ হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, রোমানা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস