জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেফতার ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
এর ফলে দূরপাল্লার কোচসহ পর্যায়ক্রমে বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, কলেজ মোড়, বালুয়াডাঙ্গা, বটতলী মোড়, সিএনবি মোড়সহ জেলার গুরুত্বপূর্ণ প্রায় ছয়টি প্রবেশমুখে যানবাহন রেখে সড়ক অবরোধ করা হয়েছে। ফলে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে আছে।
এদিকে শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের দাবি, গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবীর অপসারণ করতে হবে।
দিনাজপুর বাস, শ্রমিক ও মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, গত রোববার দিনগত রাতে কোতোয়ালি থানার অভ্যন্তরে সিআইডির এক পুলিশের ইন্সপেক্টর কে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু ওই ঘটনায় মুজিবুর রহমান মুজিবকেও মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে কোতোয়ালি থানার ওসি নুরুন্নবীর অপসারণ দাবি করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শ্রমিক নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে আমরা শ্রমিক নেতাদের সঙ্গে সাড়ে তিনটায় মিটিং আছে। তাদের যৌক্তিক বিষয়গুলো আমরা বিবেচনা করব। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে অতি শিগগিরই একটি সুন্দর সমাধান হবে।
প্রতিনিধি/ এজে