Dhaka Mail Logo

সারাদেশ

গাংনীতে ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর

ঢাকা মেইল ডেস্ক

১১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

মেহেরপুরের গাংনীতে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২০৩ নম্বর পেয়ে উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে লাইসিয়াম হাইস্কুলের শিক্ষার্থী তানভীর আহমাদ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ ফলাফল করেছে সে।

২০০৬ সালে গাংনী পৌর এলাকায় শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু করে লাইসিয়াম হাইস্কুল। পরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি দশম শ্রেণি পর্যন্ত উন্নীত হয়।

8630f57b-5563-4bef-890d-72cb13009785

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর লাইসিয়াম হাইস্কুল থেকে ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। বাকি শিক্ষার্থীরা ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

তানভীরের এই ফলাফলে বিদ্যালয় প্রাঙ্গণসহ এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও তানভীর ভালো ফল করে এলাকার সুনাম বাড়াবে।

আরও পড়ুন

বাবা-মায়ের স্মৃতি নেই, তবু এসএসসিতে সফল ৯ বালক

নিজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তানভীর আহমাদ বলে, ‘উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে যে সফলতা পেয়েছি, তার জন্য আমার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও পরম শ্রদ্ধেয় বাবা-মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন শিক্ষার এই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থী।’

e21d6d2d-0aeb-41a9-bc25-c627967840ac

তানভীরের বাবা তেরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিনারুল ইসলাম এবং মা গাংনী সরকারি ডিগ্রি কলেজের গণিত বিষয়ের প্রভাষক শিরিন সুলতানা ছেলের ফলাফলে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, তানভীরের কঠোর পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক জিনারুল ইসলাম বাদল বলেন, ‘তানভীর শুরু থেকেই একটু ব্যতিক্রমী। তার আচার-ব্যবহার, ধৈর্য এবং পড়াশোনার প্রতি নিষ্ঠা মুগ্ধ করার মতো। টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীরা যেন পড়াশোনায় ঢিলেঢালা হয়ে না পড়ে, সে জন্য আমাদের পরিচালক আমিরুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় ১২টি বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছিল। আজ আমরা তার সুফল পেলাম।’

3989cdd0-6e18-4cf0-b200-690e05492f1d

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল কাদের সবুজ বলেন, ‘শিক্ষার্থীদের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতামাতি না করে তারা যেন সামনে আরও ভালো করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই আমাদের মূল দায়িত্ব। কোন স্কুল থেকে পাস করল, সেটা বড় কথা নয়; তারা সবাই আমাদের সন্তান। তানভীরের এই গৌরবময় অর্জনে আমার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’

72c3d303-2d82-45e1-bc83-0fda9486e3f1

লাইসিয়াম হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিরুল ইসলাম তানভীর ও তার বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘২০১৯ সালে দশম শ্রেণিতে উন্নীত হওয়ার পর থেকে আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় আজ আমরা এই সুনাম অর্জন করতে পেরেছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।’

তানভীরের এই সাফল্য গাংনীর অন্য শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস