Dhaka Mail Logo

সারাদেশ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১২ কিলোমিটার যানজট 

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটার যানজট। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে মহাসড়কের কুমিল্লা অংশে এই চিত্র দেখা যায়। 

গত তিন মাস ধরে অস্থায়ী সংস্কার চলছে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে। তবে আধা কিলোমিটারেই থেমে আছে কাজ। আবার টানা বৃষ্টিতে বিকল্প লেনেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে পানি, আবার কোথাও ছড়িয়ে পড়েছে কাদা। 

ফলে যানবাহনের গতি কমে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। সংস্কারকাজ ও সড়কের খানাখন্দের কারণে মহাসড়কের কুমিল্লা অংশে যানজট যেন পিছু ছাড়ছে না। 

এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহনশ্রমিকরা। গরমের কারণে অনেক যাত্রীকে দেখা যায় বাস থেকে নেমে পাশ্ববর্তী দোকান থেকে চেয়ার নিয়ে বসে থাকতে।

ঢাকা থেকে কুমিল্লায় আগত যাত্রী গাউস পেয়ারা খান জানান, নিমসার থেকে শাসনগাছা বাসটার্মিনালে আসতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি। ক্যান্টনমেন্টের পর থেকে রাস্তার কাজ অস্থায়ীভাবে সংস্কার করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। 

c1063c3d-6d10-42ae-b87c-759262c76865

যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খানাখন্দের কারণে পণ্যবাহী যানবাহন আটকে থাকায় সময় ও জ্বালানি অপচয়ের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আমতলী এলাকায় মহাসড়কের এক পাশ বন্ধ রেখে অপর পাশ দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের কারণে ওই অংশে এমনিতেই যানবাহনের গতি কম। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে বিকল্প লেনের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্তে পানি জমে থাকায় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। সড়কের খানাখন্দের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে যানজট তৈরি হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে সামনে আরও বড় ধরনের যানজটের আশঙ্কা রয়েছে। 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। বৃষ্টি না থাকলে আমরা দ্রুত স্থায়ীভাবে কাজ শুরু করব।

প্রতিনিধি/এএইচ