Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে তরল নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, আতঙ্ক

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে ছিদ্র হয়ে গ্যাস বেরিয়ে আশপাশের এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রাকটির একটি অংশে ছিদ্র হয়ে যায়। মুহূর্তের মধ্যে ওই ছিদ্র দিয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করলে আশপাশের এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকের চালক ছিদ্রটি বন্ধ করে ঢাকার উদ্দেশে রওনা হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় যাওয়ার পথে বনপাড়া বাইপাসের একটি হোটেলে নাস্তা করতে বসেন ট্রাকের চালক ও সহকারী। এ সময় হঠাৎ ট্রাকের একটি ছিদ্র দিয়ে তরল নাইট্রোজেন বের হতে থাকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস