Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) রাতে হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার কালুর দোকানের সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারের সময় ঘটনাস্থলে থাকা আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও উপস্থিত সাক্ষীদের সামনে আব্দুল খালেক ওরফে নাহিদের হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো জব্দ করা হয়।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—একটি ম্যাগাজিনসহ পিস্তল, যাতে দুটি গুলি ছিল; তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান; ৬৯ রাউন্ড রাইফেলের গুলি এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি। এ ছাড়া একটি সাদা রঙের এ্যাংলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

পুলিশের তথ্যমতে, আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে তদন্তাধীন ও আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে আরও দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় গ্রেফতার আব্দুল খালেক ওরফে নাহিদ এবং পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি