Dhaka Mail Logo

সারাদেশ

শতভাগ অকৃতকার্য রংপুরের দুই স্কুল

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারে পাসের হার তুলনামুলক কমেছে। এই বোর্ডটির অধীনস্ত মোট ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে রংপুর জেলার দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। 

প্রতিষ্ঠান দুটি- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয়।

কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী এবারে পরীক্ষায় অংশ নেয়। তারা কেউই পাস করতে পারেনি। একই চিত্র ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষায় অংশ নেয়। তারাও কেউ পাস করেনি।

জেলার দুটি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, এসব প্রতিষ্ঠানে শিক্ষকতার মান, নিয়মিত ক্লাসের অনুপস্থিতি এবং প্রশাসনিক নজরদারির অভাবই এই বিপর্যয়ের মূল কারণ।

বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ জানান, শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ