Dhaka Mail Logo

সারাদেশ

ননরসিংদীতে গণপিটুনিতে ‘চোর’ নিহত

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।

এর আগে, রাত ৩টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে। আহত কামাল একই এলাকার মধু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তার দেশে আসার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে স্থানীয় একটি চোরচক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে আসে। এ সময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল মিয়া প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে পড়ে। চক্রের অপর দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান করছিল।

পরে বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় হৃদয় ও কামালকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামাল মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক বছর আগে তাকে এসব অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে জেলগেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে কারখানায় ডাকাতি: ৩২ ঘণ্টার অভিযানে ৭ আসামি গ্রেফতার

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, সকালে ট্রলিতে করে দুজনকে হাসপাতালে আনা হয়। হৃদয় মিয়া কথা বলতে বা নড়াচড়া করতে পারছিলেন না। তার রক্তচাপও পাওয়া যাচ্ছিল না। ইসিজি ও অক্সিজেন দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ব্রট ডেড হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রায়পুরা থানার ওসি মো. মুজিবর রহমান বলেন, “রাতে চুরি করতে যাওয়ার পর স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও জানান, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় এক বছর আগে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল বলেও জানান তিনি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস