জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
এসএসসি পরীক্ষায় ঝালকাঠির দুটি মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দুই প্রতিষ্ঠানেরই পাসের হার শূন্য শতাংশ।
এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওড়াকাঠী নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে কাঁঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
ফল প্রকাশের পর দুই প্রতিষ্ঠানের এমন ফলাফল নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষার মান, নিয়মিত পাঠদান, পরীক্ষার্থীদের প্রস্তুতি এবং সার্বিক শিক্ষাব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
ঝালকাঠির জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু ছাঈদ বলেন, যে দুটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেন এমন ফলাফল হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ঝালকাঠি জেলায় ১০২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৩৩টি, নলছিটি ২৯টি, রাজাপুরে ২০টি এবং কাঁঠালিয়াতে ২০টি।
প্রতিনিধি/এলএ