Dhaka Mail Logo

সারাদেশ

সমুদ্রে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সোমবার ভোররাত তিনটার দিকে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’র দায়িত্বে থাকা কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বহিঃনোঙর এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি তাদের নজরে আসে।

কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় বোটে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার বড় এই চালানের তথ্য পাওয়া যায়। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।

জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস