Dhaka Mail Logo

সারাদেশ

সহপাঠী নিহতের ঘটনায় ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

সহপাঠী ইয়াসিন আরাফাত (২১) সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে মহাসড়ক অবরোধ করে তারা নিরাপদ সড়কসহ চার দফা দাবি জানান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে, রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

ইয়াসিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সাধারণ অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

a338f8d6-c646-48ef-8e9b-2ad6d0ecb306

ববির আইন বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘একের পর এক শিক্ষার্থী এ মহাসড়কে প্রাণ হারাচ্ছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। এখানে উচ্চশিক্ষা নিতে এসে আর কত শিক্ষার্থীর লাশ হলে সংশ্লিষ্টদের টনক নড়বে?’

পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী রমজান হাওলাদার বলেন, ‘জরুরি কাজে ঢাকা রওনা দিয়ে বিপদে পড়ে গেলাম। মহাসড়ক অবরোধ থাকায় এখন কীভাবে ঢাকায় যাব, তা নিয়ে চিন্তায় পড়ে গেছি।’

ববি প্রশাসনের গাফিলতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির বলেন, ‘যে ক্ষতি হয়ে গেছে, সেটার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এটার ব্যর্থতা, দায়—যাই বলেন, সবই আমাদের।’

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তার কার্যকর ব্যবস্থা চালু করা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস