জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের শাহপুরা এলাকায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে তিনজন বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ডাম্পার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস