জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫৫ ক্যাডেট জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ সাফল্যের এই ঈর্ষণীয় ফলাফল কলেজের একাডেমিক ঐতিহ্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ কলেজ-এর ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ অর্জন করেছিলো।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের এমন কাঙ্ক্ষিত সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এসএম ফয়সল পিএসসি। চমৎকার এই ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
অধ্যক্ষ জানান, ক্যাডেট কলেজে অনুসরণকৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিকে দৃষ্টান্তমূলক ফল করে আসছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব, ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে সেটিই প্রমাণ করে আসছে।
ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করে এই আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিনিধি/টিবি