জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে আখ চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুঁড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পেশায় তিনি চা শ্রমিক বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করেন। পরে একটি আখ ক্ষেতে গিয়ে আখ নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। এরপর তাকে স্থানীয়দের হেফাজতে রাখা হয়।
দীপঙ্কর গোপকে আটকের পর স্থানীয়রা কয়েক দিন আগে ওই সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকও হয়।
তবে বৈঠকে বিষয়টির তাৎক্ষণিক সমাধান না হওয়ায় পরে স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করে।
রোববার বিকেলে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ