Dhaka Mail Logo

সারাদেশ

৫০ লাখ মুক্তিপণ দাবি, ৫ লাখে ফিরলেন টেকনাফের দর্জি

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন মোস্তাক আহমদ (৩১) নামের এক দর্জি। পরিবারের দাবি, অপহরণকারীরা প্রথমে তার মুক্তির জন্য ৫০ লাখ টাকা দাবি করেছিল। পরে ৫ লাখ টাকা দেওয়ার পর শনিবার রাতে বাহারছড়ার একটি পাহাড়ি এলাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মোস্তাক হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুরের ছেলে। হ্নীলা বাজারে তার একটি দর্জির দোকান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর দুইটার দিকে হ্নীলা কাঁচাবাজার থেকে নিখোঁজ হন মোস্তাক। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণের কথা জানানো হয়। এরপর বিভিন্ন সময়ে ফোন করে ৫০ লাখ ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ৫ লাখ টাকায় বিষয়টি চূড়ান্ত হয়।

মোস্তাকের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী তার বোনজামাই বাহারছড়ার একটি পাহাড়ি এলাকায় গিয়ে নির্দিষ্ট স্থানে ৫ লাখ টাকা রেখে আসেন। টাকা নেওয়ার পর অন্য একটি স্থান থেকে মোস্তাককে ছেড়ে দেওয়া হয়।

হোসনে আরার দাবি, উদ্ধারের পর মোস্তাকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।

পরিবারের কাছে থাকা একটি অডিও রেকর্ডে কথিত অপহরণকারীদের ৫০ লাখ টাকা না দিলে মোস্তাককে হত্যার হুমকি দিতে শোনা যায় বলে দাবি পরিবারের। ওই কথোপকথনে মোস্তাককে হত্যার জন্য একজন ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলেছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন

দুই ঘণ্টার মধ্যে চাঁদপুরের সিভিল সার্জনের বদলি প্রত্যাহার

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীদের হুমকির কারণে তারা বিষয়টি গোপন রাখেন। স্বামীকে বাঁচাতে হোসনে আরা টাকা জোগাড়ের চেষ্টা করেন। একপর্যায়ে গহনা বিক্রি করেও টাকা জোগাড় করার কথা মোস্তাক তাকে বলেন।

তিন দিন পর মোস্তাক বাড়ি ফিরলেও কারা তাকে অপহরণ করেছিল এবং কেন অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোস্তাক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তিনি অপহরণকারীদের কাছ থেকে ফিরে এসেছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।

ওসি আরও বলেন, মোস্তাককে কেউ অপহরণ করেছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস