Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি মামলায় একই সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালি থানার উত্তর বাবু খাঁ গ্রামের সোহেল রানা সুমন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেন।

বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। একই আদালতে মামলা দুটি পৃথক হলেও একই কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির একটি দল শহরে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মালশাপাড়া জামে মসজিদ এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল ইসলাম বুলেনকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় এসআই ফারুক সরকার মামলা করেন।

অপরদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। রাতে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী সোহেল রানা সুমনের হেফাজতে থাকা ১ হাজার ৯৬০ পিস নিষিদ্ধ ভারতীয় চেতনানাশক ইনজেকশন জব্দ ও সোহেল রানা গ্রেপ্তার করে পুলিশ। 

নিষিদ্ধ ইনজেকশনগুলো ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোখলেছুর রহমান মামলা করেন।

প্রতিনিধি/এলএ