জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক দম্পতির মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়ার পর প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) এবং চারদিন পর স্ত্রী জাহানারা খাতুন (৪৮) মারা গেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা খাতুনের মৃত্যু হয়। এর চার দিন আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী আব্দুল মালেক শেখ মারা যান।
মৃত দম্পতির পুত্রবধূ ঝর্ণা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল মালেক শেখ পেশায় শ্রমিক ছিলেন। তার স্ত্রী জাহানারা খাতুন ছিলেন গৃহিণী।
স্বজনরা জানায়, মৃত দম্পতির আদি নিবাস টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলীন বাজার এলাকায়। প্রায় ৫০ বছর আগে নদীভাঙনের কারণে জীবিকার তাগিদে তারা বেলকুচিতে চলে আসেন। এরপর থেকে দীর্ঘ পাঁচ দশক ধরে তারা সেখানে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানদের সবাই বিবাহিত।
মৃত দম্পতির পুত্রবধূ ঝর্ণা খাতুন বলেন, ৩১ জুলাই রাত ১২টার দিকে রান্নাঘর থেকে গ্যাসের শব্দ ও গন্ধ পান আব্দুল মালেক শেখ। বিষয়টি দেখতে তিনি রান্নাঘরে গেলে সেখানে গ্যাসের গন্ধ থাকা অবস্থাতেই চুলার সুইচ অন করেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী জাহানারা খাতুন গুরুতর দগ্ধ হন।
দুর্ঘটনার পর স্বজনরা তাদের সিরাজগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
প্রতিনিধি/এলএ