Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তার স্বামী রশিদ।

নিহত দুজন হলেন যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্মিত বাড়ির জন্য মালামাল কিনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে রোববার যশোর শহরে এসেছিলেন রশিদ। কেনাকাটা শেষে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে তারা চৌগাছায় ফিরছিলেন।

পথে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রশিদ ও সাবিরা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়।

রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।

প্রতিনিধি/এসএস