জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় অরক্ষিত রেলগেটে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কীটনাশকবাহী একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজশাহী থেকে কীটনাশকবোঝাই একটি পিকআপ লালপুরের চকনাজিরপুর বাজারের দিকে যাচ্ছিল। মাড়িয়া রেলগেট পার হওয়ার সময় রেললাইনের ওপর পিকআপটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে।

পিকআপচালক বেলায়েত হোসেন কয়েকবার চেষ্টা করেও গাড়িটি চালু করতে না পেরে প্রাণ বাঁচাতে পিকআপ থেকে লাফ দিয়ে নেমে যান। এরপর ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা কীটনাশক রেললাইনের দুই পাশে ছড়িয়ে পড়ে। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পিকআপচালক বেলায়েত হোসেন সৃজান বলেন, ‘রেলগেটটি অরক্ষিত ছিল। সেখানে কোনো গেটম্যান ছিলেন না। সড়কটি বাঁকা হওয়ায় রেললাইনে ট্রেনও দেখা যাচ্ছিল না। পরে প্রাণ বাঁচাতে পিকআপ থেকে লাফিয়ে নেমে যাই।’
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। ওই স্থানে গেটম্যান দেওয়ার দাবি উঠেছে। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস