Dhaka Mail Logo

সারাদেশ

বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে দলের আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে রোববার সাংবাদিকদের কাছে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ এডাম আব্বাস।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় একাডেমি মাঠে আয়োজিত ব্রিফিংয়ে তারা দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

কোচ জেরার্ড এমলিন জোন্স বলেন, দীর্ঘ সময় অনুশীলনের মাধ্যমে দলের খেলোয়াড়দের সামর্থ্য ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। শুধু বর্তমান প্রতিযোগিতা নয়, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।

প্রস্তুতির অংশ হিসেবে দলটি চারটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এসব ম্যাচে খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। মাঠের পরিস্থিতি বা পিচ যেমনই হোক, তা ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ভারসাম্য বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান কোচ।

তিনি বলেন, ‘লক্ষ্য একটাই—ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা।’

দলে নতুন যোগ দেওয়া এডাম আব্বাসকে নিয়ে কোচ বলেন, তিনি অত্যন্ত পেশাদার, নম্র ও শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাকে দক্ষ খেলোয়াড় ও গোলদাতা হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা

বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এডাম আব্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে ফুটবলের মাঠে নামতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় দল, কোচিং স্টাফ ও টেকনিক্যাল টিম যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়।’

হামজা চৌধুরী ও ইয়াসিন আলফির মতো তরুণ ফুটবলারদের জাতীয় দলে খেলা তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান এডাম।

আসন্ন এএফসি এশিয়ান কাপসহ বড় আন্তর্জাতিক মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান তিনি। কোচ ও খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে উল্লেখ করে এডাম বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে জাতীয় ফুটবল দল দেশকে বড় সাফল্য এনে দিতে পারবে।

ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৯ বছর বয়সী এডাম আব্বাস। তার মূল পজিশন রাইট উইঙ্গার। তবে প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড বা নম্বর নাইন হিসেবেও খেলতে পারেন তিনি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব পর্যায়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

প্রতিনিধি/এসএস