জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম
নদীর বুকে লঞ্চ, চারপাশে জলরাশি। আর সেই লঞ্চের সাধারণ যাত্রীদের সঙ্গেই গল্প-আড্ডায় মেতে উঠলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ঢাকা থেকে নদীপথে বরিশাল যাওয়ার সময় কখনো যাত্রীদের সঙ্গে বসে খাবার খান, কখনো চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করেন। উপভোগ করেন দক্ষিণাঞ্চলের নদী ও প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য।
রোববার (৯ আগস্ট) নদীপথে লঞ্চে চড়ে বরিশাল যান মার্কিন রাষ্ট্রদূত। যাত্রাপথে বিলাসবহুল লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে গল্পে-আড্ডায় সময় কাটান। ছবিও তোলেন।
লঞ্চের যাত্রীদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সময় কাটানোর বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এসব ছবিতে দেখা যায়, লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় বিভিন্ন খাবার খাচ্ছেন ক্রিস্টেনসেন। টেবিলে ভাত, মাছ, সবজি ও অন্যান্য খাবার ছিল। তার সঙ্গে থাকা বিদেশি অতিথিরাও খাবার খান।
একটি ছবিতে লঞ্চের একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে দেখা যায় মার্কিন রাষ্ট্রদূতকে। সেখানে দোকানের কর্মী ও যাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন তিনি।
অন্য একটি ছবিতে সাধারণ যাত্রীদের সঙ্গে লঞ্চের ভেতরে বসে সময় কাটাতে দেখা যায় তাকে। যাত্রীদের অনেকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করছিলেন। তাদের পাশেই বসে হাসিমুখে ছবি তোলেন ক্রিস্টেনসেন।
লঞ্চের ডেকেও সময় কাটান। সেখানে দাঁড়িয়ে বিস্তীর্ণ নদীর জলরাশি, দূরের জনপদ ও সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করেন। নদীর বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তার নদীপথের ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে।
নিজের অভিজ্ঞতা জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’
এদিকে বরিশালে পৌঁছানোর পর রোববারের কর্মসূচির অংশ হিসেবে নদীবন্দর থেকে তিনি দেশের সবচেয়ে বড় ও শতবর্ষী ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাটে যান। বরিশাল বিভাগের ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে কীর্তিপাশা খাল ও স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকায় অবস্থিত ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন তিনি।
সেখানে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ, ভাসমান বাজারের কার্যক্রম এবং স্থানীয় কৃষকদের জীবন-জীবিকা সম্পর্কে ধারণা নেবেন মার্কিন রাষ্ট্রদূত। পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন।
বিকেলে বরিশাল নগরীতে ফিরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রদূতের এই নদীপথের সফর ঘিরে বরিশালের মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিলাসবহুল লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে সময় কাটানো, দেশীয় খাবার খাওয়া, চা পান এবং নদীর সৌন্দর্য উপভোগের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
প্রতিনিধি/এমআর