জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১২:৪৭ এএম
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ মাঝি (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডুগী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম আজাদ মাঝিকে আটক করা হয়।
আটক আবুল কালাম আজাদ মাঝি পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি পটুয়াখালী জেলার বানঘাটা গ্রামের মো. হাশেম মাঝির ছেলে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে