জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুঁড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে দীপঙ্কর গোপ সীমান্তের কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। পরে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে দেওয়া হয়।
এর আগে বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। পরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করে স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন একজন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং শারীরিকভাবেও দুর্বল। গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, কীভাবে কী হয়েছে, কিছুই জানি না। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে (ভারতীয় নাগরিক) ফেরত দিয়ে দেব।
ভারতীয় নাগরিক আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/এলএ