জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।’
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের রোবোটিক্স ক্লাব আয়োজিত দিনব্যাপী এ উৎসবের লক্ষ্য ছিল প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো।
মন্ত্রী বলেন, ‘আজকের এই আয়োজন প্রমাণ করে, বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।’
তিনি আরও বলেন, সরকার তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। রোবোটিক্স শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী।
উৎসবে সারাদেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন। প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল লাইন ফলোয়িং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিংয়ে অংশ নেয়।
দিনব্যাপী উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজন করা হয়।
প্রতিনিধি/এসএস